ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে একটি প্রাইভেটকার। এই দুর্ঘটনায় মা ও তার ৮ মাসের শিশু কন্যা নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফেনি জেলার সোনাগাজী উপজেলার জিসান কবীর পিপুর স্ত্রী সাদিয়া কবীর (৩২) এবং তাদের ৮ মাসের শিশু কন্যা তাজরি কবীর প্রিয়ম। নিহতদের পরিবার মিরপুর শাহআলী থানা এলাকায় বসবাস করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ থেকে একটি প্রাইভেটকার যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। গোড়াই এলাকায় প্রাইভেটকারটি রাস্তার পাশে দাঁড়ালে পিছন দিক থেকে আসা একটি ট্রাক প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং দুজন হন। এ সময় চালকসহ আরও দুইজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি যানবাহন চলাচল স্বাভাবিক করেছেন।
গোড়াই হাইওয়ে থানার ওসি সারোয়ার আলম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। থানায় মামলা হয়েছে। এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।