ডাঃ আবদুল্লাহ আল আমিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় গোল্ডেন প্লাসপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কালিয়াকৈর উপজেলার পূর্ব মুদিপাড়া এলাকার ডাক্তার বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ জে এম মাইদুল ইসলাম, প্রাক্তন চেয়ারম্যান ও বিভাগীয় প্রধান, চর্মযৌন রোগ বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “মেধা ও নৈতিকতা একসঙ্গে থাকলেই দেশ ও সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব। জীবনে উচ্চশিক্ষা গ্রহণ করে যে কোনো পেশায় যাই একজন সৎ ও আদর্শবাদী মানুষ হয়ে গড়ে উঠা প্রত্যাশিত।”
বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডা. মো. সাইজ উদ্দীন কবির, অধ্যক্ষ (অব.), শিকদার ওমেন্স মেডিকেল কলেজ; প্রফেসর ডা. মো. আবদুস সামাদ, প্রাক্তন বিভাগীয় প্রধান, ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন; দেওয়ান মোয়াজ্জেম হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, দেওয়ান বাড়ি নিট টেক্সটাইল লিমিটেড; সমাজসেবক এবিএম হাসান ইমাম; প্রকাশক ও সমাজসেবক নূরজাহান বেগম এবং বীর মুক্তিযোদ্ধা মো. আখতার-উজ-জামান, কমান্ডার, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, কালিয়াকৈর।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব ইউসুফ আবদুল্লাহ আমিন শিবলী, চেয়ারম্যান, ডাঃ আবদুল্লাহ আল আমিন ফাউন্ডেশন ও সিইও, আলকেমি ইন্টারন্যাশনাল।
প্রতিভাবান শিক্ষার্থীদের সম্মানে ২৩ জনকে নগদ ১০ হাজার টাকা করে, ক্রেস্ট, নিজের লেখা ‘বিস্ময়কর মানবদেহ’ বই, কোরআন শরিফ ও ব্যাগ প্রদান করা হয়। এছাড়াও ২০ জন গুণীজনকে ক্রেস্ট, পাঞ্জাবি, বই ও ব্যাগের মাধ্যমে সম্মাননা জানানো হয়।
উপস্থিত অতিথি ও অভিভাবকরা এই শিক্ষামূলক ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।