রংপুরে বাসচাপায় অটোচালক নিহত, মহাসড়ক অবরোধ

রংপুরে যাত্রীবাহী বাসের দুমড়েমুচড়ে গেছে একটি অটোরিকশা। এতে অটোরিকশাচালক জামিরুল ইসলাম (৩৬) নিহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা।

প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর সর্বশেষ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয়। এর আগে বেলা সাড়ে ১২টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার বেইলি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অটোচালক জামিরুল ইসলাম উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভুতছাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি যাত্রীবাহী একটি বাস শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বেইলি ব্রিজ এলাকা পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় বাসটি। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং গুরুতর আহত হন অটোরিকশাচালক জামিরুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এই খবর জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার অবরোধের কারণে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

কাউনিয়া থানার ওসি নজমুল হক বলেন, ঘাতক বাসসহ ড্রাইভারকে আটক করা হয়েছে। সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করা হয়েছে।