এলাকাবাসী কুমিল্লা-৩ আসন থেকে নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছে বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এর আগে গত সপ্তাহে তিনি ঢাকা-১০ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
শনিবার (২৬ ডিসেম্বর) এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন, ‘কুমিল্লার মনোনয়নপত্র আমি নিইনি। কিন্তু এলাকার মানুষজন চায় আমি মুরাদনগর থেকে নির্বাচন করি। আমার অজান্তেই উনারা নমিনেশন ফরম সংগ্রহ করেছেন। আমি ঢাকা-১০-এই প্রার্থী হচ্ছি।’
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। সেখানকারই ভোটার ছিলেন তিনি।
নভেম্বরে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করে তিনি ঢাকা-১০ আসনের ভোটার হন। গত ১২ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ ঘোষণা দেন, তিনি ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। এর আগে নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার আগের দিন, গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন।