দল ছাড়লেন এনসিপি নেতা কাশেম, নির্বাচন না করার ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদ ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আবুল কাশেম। রোববার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ঘোষণায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে আবুল কাশেম বলেন,

“নীতিগত কারণে আমি জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি ফেনী-৩ আসনের জনগণের উদ্দেশে সালাম জানিয়ে বলেন, ব্যক্তিগত ও নীতিগত বিবেচনায় তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

আবুল কাশেম জানান, সাম্প্রতিক সময়ে এনসিপি যে রাজনৈতিক সমঝোতায় যুক্ত হয়েছে, তা তার নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি বলেন, “পারস্পরিক সম্মানের ভিত্তিতে দল থেকে সরে দাঁড়ানোই আমি সঠিক ও দায়িত্বশীল পথ বলে মনে করেছি।”

তিনি আরও স্পষ্ট করেন, এই সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে অভিযোগ নয় এবং কোনো ধরনের দ্বন্দ্বের ফলও নয়। মতাদর্শগত ভিন্নতার কারণেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির ফেনী জেলা শাখার সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। এখন পর্যন্ত তার লিখিত কোনো পদত্যাগপত্র আমাদের হাতে আসেনি।” তিনি জানান, বিষয়টি নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের আলোচনা সামনে আসার পর এনসিপিতে ধারাবাহিকভাবে পদত্যাগের ঘটনা ঘটছে। গত ২৫ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও নির্বাহী কাউন্সিল সদস্য মীর আরশাদুল হক পদত্যাগ করেন। তিনি দলীয় মনোনয়ন পেলেও নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন। ২৭ ডিসেম্বর পদত্যাগ করেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। সর্বশেষ আজ পদত্যাগের ঘোষণা দেন তাসনুভা জাবীন।