টরন্টোতে বিজয় দিবস উৎসব পালিত

কানাডায় বাংলাদেশি কমিউনিটি মহান মুক্তিযুদ্ধের স্মরণে এবং জাতীয় দিবস উদযাপনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে। জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো আয়োজিত এই বিজয় দিবস উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডায় বাংলাদেশের কনসাল জেনারেল শাহ আলম খোকন। 

টরন্টোর বার্চমাউন্ট পার্ক কলেজিয়েট ইন্সটিটিউটে হাজারো প্রবাসী বাংলাদেশি উৎসবটি উপভোগ করেন। বৃদ্ধ, তরুণ ও শিশু-কিশোরদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস।

সন্ধ্যা ৬টায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও কানাডার জাতীয় সঙ্গীতের মাধ্যমে উৎসব শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে। অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী শুভ্র দেব ও সামিনা চৌধুরীর পরিবেশনায় আনন্দ ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানের উপস্থাপনা করেন রুমানা মালিক মুনমুন।

অন্টারিও প্রোভিনসিয়াল পার্লামেন্ট মেম্বার ডলি বেগম বলেন, মহান মুক্তিযুদ্ধের বিজয় শুধু বাংলাদেশের ইতিহাস নয়, বিশ্ব ইতিহাসেও এক অনন্য উদাহরণ। একটি জাতি ন্যায়বিচার, গণতন্ত্র ও আত্মমর্যাদার জন্য ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন করেছে। প্রবাসে থেকেও বাংলাদেশি কমিউনিটি ভাষা, সংস্কৃতি ও ইতিহাস ধারণ করছে, যা সত্যিই প্রশংসনীয়।

উৎসবের মধ্যে নৃত্য, কবিতা আবৃত্তি ও গানের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও বিজয়ের আনন্দ ফুটে ওঠে। দর্শকরা অনুষ্ঠানটি মনোযোগসহকারে উপভোগ করেন। এছাড়া চারজন বীর মুক্তিযোদ্ধাকে পদক দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠান চলাকালে স্পন্সরদের সম্মাননা ক্রেস্টও তুলে দেওয়া হয়।

জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে কমিউনিটির ঐক্য ও দেশপ্রেম জাগ্রত রাখছে।