২৫০টিরও বেশি ড্রোন উড়িয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে কম্বোডিয়া, দাবি থাইল্যান্ডের

থাইল্যান্ড অভিযোগ করেছে, কম্বোডিয়া থাই ভূখণ্ডের ওপর ২৫০টিরও বেশি ড্রোন উড়িয়ে নতুন করে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। কয়েক সপ্তাহ ধরে মারাত্মক সীমান্ত সংঘর্ষের পর গত শনিবার এই চুক্তি হয়েছিল।

সোমবার (২৯ ডিসেম্বর) থাই সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, রোববার রাতে কম্বোডিয়ার দিক থেকে ২৫০টিরও বেশি চালকবিহীন বিমান (ইউএভি) থাইল্যান্ডের সার্বভৌম ভূখণ্ডে অনুপ্রবেশ করতে দেখা গেছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের কর্মকাণ্ড উস্কানিমূলক ও উত্তেজনা হ্রাসের লক্ষ্যবিরুদ্ধ এবং শনিবার দ্বিপাক্ষিক সীমান্ত কমিটির বৈঠকে সম্মত যৌথ বিবৃতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

এদিকে, সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখোন বলেন, উভয় পক্ষ ঘটনাটি নিয়ে আলোচনা করেছে এবং তদন্ত করে 'অবিলম্বে সমাধান' করতে সম্মত হয়েছে।

প্রাক সোখন এটিকে 'সীমান্তরেখা বরাবর উভয় পক্ষের ড্রোন উড়তে দেখা যাওয়ার সঙ্গে সম্পর্কিত একটি ছোট সমস্যা' হিসেবে বর্ণনা করেছেন।

প্রসঙ্গত, প্রতিবেশী দেশ দুটি শনিবার 'তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে' সম্মত হয়েছে। এই মাসে নতুন করে সংঘটিত সীমান্ত সংঘর্ষ সম্পূর্ণ বন্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সাম্প্রতিক এই উত্তেজনায় কয়েক ডজন মানুষ নিহত এবং দশ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে।

পুনরায় শুরু হওয়া এই যুদ্ধ উভয় পক্ষের প্রায় প্রতিটি সীমান্ত প্রদেশে ছড়িয়ে পড়ে- যার ফলে পূর্ববর্তী একটি যুদ্ধবিরতি ভেঙে যায়। আগের ওই যুদ্ধবিরতির কৃতিত্ব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়েছিলেন।

গত শনিবার স্বাক্ষরিত চুক্তির অধীনে দুই দেশ যুদ্ধবিরতি, সিমান্তে সৈন্য চলাচল স্থগিত এবং মাইন অপসারণ প্রচেষ্টা ও সাইবার অপরাধ মোকাবেলায় সহযোগিতা করতে সম্মত হয়েছে।