আজ আধাবেলা বন্ধ থাকবে সিলেটের সব মার্কেট ও বিপণিবিতান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার আধাবেলা সিলেটের সব মার্কেট ও বিপণিবিতান বন্ধ থাকবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব এবং সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়ে বুধবার দুপুর ১২টা পর্যন্ত সিলেটের সব মার্কেট ও বিপণিবিতান বন্ধ রাখা হবে।

শোক প্রকাশ করে তিনি বলেন, বেগম খালেদা জিয়া সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তিনি ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক ও আপসহীন নেত্রী। দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন।

তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।