রাজশাহীর বাগমারায় চুরির অভিযোগে নির্যাতন চালিয়ে ভ্যানচালক ওমর ফারুককে (৩৯) হত্যা মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাগমারা থানার ওসি সাইদুল আলম। গত মঙ্গলবার রাতে নাটোর থেকে তাদের গ্রেপ্তারের পর বাগমারা থানার পুলিশের কাছে সোপর্দ করে র্যাব।
গ্রেপ্তাররা হলেন- বাগমারা উপজেলার দেউলা গ্রামের সিএনজিচালিত অটোরিকশা চালক রেজাউল করিম (৪৭) ও হাবিবুর রহমান (৫৫), মাঝিগ্রামের আবদুল মতিন (৪০), দরগামড়িয়া গ্রামের রফিকুল ইসলাম ওরফে রফিক ড্রাইভার (৪০), ভবানীগঞ্জ গ্রামের চা-দোকানি আসাদুল ইসলাম (৩৬) ও মধুপুর গ্রামের আবদুল হান্নান (৩৮)।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) আবু জাহিদ শেখ বলেন, র্যাবের হাতে আটক ৬ আসামি ওমর ফারুক হত্যা মামলা এজাহারভুক্ত আসামি। গত বৃহস্পতিবার রাতে ওমর ফারুকের বাবা মোসলেম আলী সরদার বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেন।
ওই মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, ১৭ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার ভবানীগঞ্জ সিএনজি স্ট্যান্ডে তার ছেলে ওমর ফারুক অটোভ্যান রেখে প্রস্রাব করতে যান। ফিরে এলে সিএনজি মালিক সমিতির সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক আবদুল মতিন তাকে আটকে রাখেন। তাদের নির্দেশে সমিতির সদস্যরা ওমর ফারুককে লোহার রড দিয়ে পেটাতে থাকেন। একপর্যায়ে ওমর ফারুক মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাকে একটি প্রাচীরের সঙ্গে দাঁড় করিয়ে নির্যাতন করা হয়।
নির্যাতনের একপর্যায়ে ওমর ফারুকের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। পরে ওমর ফারুকের কাছ থেকে গাঁজা উদ্ধারের নাটক সাজিয়ে আসামিরা বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞাকে জানান। তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওমর ফারুককে ১০০ টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর ওমর ফারুককে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী কারাগারে পাঠায় পুলিশ। সেখানে অসুস্থ হলে পরদিন রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০ ডিসেম্বর তার মৃত্যু হয়।
র্যাবের হাতে ৬ আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাগমারা থানার ওসি সাইদুল আলম জানান, গ্রেপ্তার আসামিদের বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে নাটোর থেকে তাদের গ্রেপ্তারের পর পুলিশে সোপর্দ করে র্যাব-৫।