ইউক্রেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে আক্রমণ করেছে বলে যে খবর এসেছে, ইউরোপ তা বিশ্বাস করতে অস্বীকৃতি জানিয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাস এটিকে 'ভিত্তিহীন দাবি' বলে বর্ণনা করেছেন।
তার মতে, পুতিনের বাসভবনে হামলার উপস্থাপিত তথ্য 'কারও গ্রহণ করা উচিত নয়'। ক্যালাস বলেন, এটি 'একটি ইচ্ছাকৃত বিভ্রান্তি" এবং এর লক্ষ্য হলো 'শান্তির দিকে প্রকৃত অগ্রগতিকে লাইনচ্যুত করা'।
এদিকে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এসব মন্তব্য 'এড়িয়ে' গিয়ে বলেছেন, রাশিয়া ইউক্রেন নিয়ে আলোচনা প্রক্রিয়া চালিয়ে যাবে- তবে সংলাপ মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হবে। পুতিনের বাসভবনে কিয়েভের হামলার পর মস্কো আলোচনার অবস্থান আরও কঠোর করবে।
এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ২৮-২৯ ডিসেম্বর রাতে রাশিয়ার নভগোরোড অঞ্চলে পুতিনের বাসভবনে ৯১টি ড্রোন ব্যবহার করে আক্রমণ চালায় ইউক্রেন। তবে সমস্ত ড্রোন ধ্বংস করা হয়েছে।
রুশ নেতার সহকারী ইউরি উশাকভ বলেছেন, পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই হামলার বিষয়ে ফোনে কথা বলেছেন। পুতিন 'সবচেয়ে গুরুতর প্রতিক্রিয়া'র বিষয়ে সতর্ক করেছেন।