ব্যক্তি সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়

ব্যক্তি সচেতনতার মাধ্যমে ডেঙ্গুর উৎপত্তিস্থল ধ্বংস করে অল্প দিনেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। ডেঙ্গুর প্রকোপ অচিরেই বন্ধ করতে প্রত্যেকের বাড়ির আশপাশে জমে থাকা পানি; বিশেষ করে, টব, পলিথিন, ডাবের খোসা ইত্যাদিতে যাতে পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

বক্তারা আরো বলেন, ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে যাতে কোন মশা আর কামড়াতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে শিশুদের প্রতি অতি সতর্ক থাকতে হবে। কোন গোষ্ঠী নয় বরং এভাবে ব্যক্তি সচেতনার মাধ্যমে ডেঙ্গুর ভয়াবহতা থেকে মুক্তি সম্ভব।

বৃহষ্পতিবার আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত মগবাজার ইস্পাহানি স্কুল এন্ড কলেজে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। 

আরও পড়ুন : সৌদি আরবে ১১ আগস্ট পবিত্র ঈদুল আজহা

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. আশরাফ-উজ-জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন সহযোগী অধ্যাপক ডা. খাদিজা বেগম। এছাড়াও বক্তব্য রাখেন মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. মানবেন্দ্র নাথ নাগ, শিশু বিভাগের প্রধান প্রফেসর ডা. এবিএম লুৎফুল কবীর, ফরেনসিক বিভাগের প্রফেসর ডা. তেজেন্দ্র চন্দ্র দাস, ইস্পাহানি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিরোদ বরন রায় প্রমুখ। 

অনুষ্ঠানে ইস্পাহানি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে নিজ পরিবার, আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ সকলকে সচেতনতা বৃদ্ধির নির্দেশনা প্রদান করেন। 

উল্লেখ্য,স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও সচেতনতার অংশ হিসেবে এ কর্মসূচী পালন করে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল কর্তৃপক্ষ।

ইত্তেফাক/কেআই