নরসিংদীর ১ ও ৫ আসন

বিএনপি প্রার্থীসহ পাঁচজনের মনোনয়ন সাময়িক স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিনে নরসিংদী-১ (সদর) ও নরসিংদী-৫ (রায়পুরা) সংসদীয় আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র সাময়িক স্থগিত করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) নির্ধারিত দিনে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় প্রার্থীতা যাচাই-বাছাইয়ে এ স্থগিত আদেশ দেওয়া হয়।

যাদের মনোনয়ন স্থগিত করা হয়েছে তারা হলেন, নরসিংদী-১ (সদর) আসনে  বাংলাদেশ গণঅধিকার পরিষদের শিরিন আক্তার শেলী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাখাওয়াত হোসেন, নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মশিউর রহমান ও স্বতন্ত্র থেকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান।

নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর দুটি আসনে কার্যবিধি অনুযায়ী আজ (শনিবার) প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম পরিচালিত হয়। আবেদনপত্রের শর্ত পূরণ না হওয়ায় দুই আসনে পাঁচজনের মনোনয়ন সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে তারা আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন। আর বাকিদের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।

এর আগে জমাদানের শেষ দিন পর্যন্ত ২৯ ডিসেম্বর নরসিংদীর সদর আসনে ৮ জন এবং রায়পুরা আসনে ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। মনোনয়নপত্র বাছাই গত ৩০ ডিসেম্বর শুরু হয়েছে। চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে পরদিন ২১ জানুয়ারি। ২২ জানুয়ারি প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা; চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।