রাজধানীর আইডিয়াল ল’ কলেজে নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।
অনুষ্ঠানে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয় এবং ২০২২ সালের এলএলবি ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছের হোসেন। বিশেষ অতিথি ছিলেন—জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডীন প্রফেসর ড. মো. আবুদ্দারদা এবং বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মো. কামরুজ্জামান খান, বিটিসি লিংকন’স ইন, লন্ডন, যুক্তরাজ্য।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আইন শিক্ষার মানোন্নয়ন ও নৈতিক মূল্যবোধসম্পন্ন আইনজীবী গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও পেশাগত সততার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইডিয়াল ল’ কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন পাটোয়ারী। শুভেচ্ছা বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা ড. এম. এ. হালিম পাটওয়ারী। অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের পরিবেশনায় গান, কবিতা ও নৃত্য পরিবেশিত হয়।