শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে কুপিয়ে ও আগুন দিয়ে হত্যার ঘটনায় অবশেষে অগ্রগতি এলো। ঘটনার কয়েক দিনের মাথায় আলোচিত এই মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (৪ জানুরারি) সকালে র্যাব-১৪–এর একটি দল কিশোরগঞ্জ থেকে খোকন চন্দ্র দাস হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ডামুড্যা উপজেলার সোহাগ খান (২৭), রাব্বি মোল্যা (২১) ও পলাশ সরদার (২৫)।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, গ্রেপ্তার আসামিদের কিশোরগঞ্জ থেকে মাদারীপুর র্যাব-৮ ক্যাম্পে আনা হচ্ছে। বিকেলে এক ব্রিফিংয়ের মাধ্যমে গ্রেপ্তারের বিস্তারিত তথ্য জানানো হবে।
গত বুধবার রাতে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় খোকন চন্দ্র দাসের ওপর হামলা চালানো হয়। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তার গায়ে পেট্রলজাতীয় দ্রব্য ঢেলে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাতেই শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খোকন চন্দ্র দাসকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল শনিবার সকালে মারা যান।