বাংলাদেশে আন্তর্জাতিক মানের ছায়া জাতিসংঘ সম্মেলনের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করেছে ড্যাফোডিল আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৫। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (ডিআইইউমুনা) এর আয়োজনে সম্মেলনটি অনুষ্ঠিত হয় ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাস, আশুলিয়া, ঢাকায়।
গত ২৮ থেকে ৩০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত তিন দিনব্যাপী এই আবাসিক সম্মেলনে দেশ-বিদেশের চার শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। উল্লেখ্য, বাংলাদেশে একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক সুবিধাসহ ছায়া জাতিসংঘ সম্মেলন আয়োজন করে ডিআইইউমুনা।
সম্মেলনের আহ্বায়ক ছিলেন ড. ইন্দ্রজিত মল্লিক এবং সভাপতি ছিলেন মোঃ আরিফুর রহমান। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল— যুদ্ধ, জোরপূর্বক অভিবাসন, যুদ্ধে উদীয়মান প্রযুক্তির অপব্যবহার এবং বৈশ্বিক সংকটের বিরুদ্ধে সম্মিলিত প্রতিক্রিয়ার মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা অর্জন। সম্মেলনের স্লোগান ছিল— “সমবেত প্রচেষ্টায় প্রতিকূলতা মোকাবিলার ক্ষমতা”।
সম্মেলনে দেশের প্রায় ৪০টি সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পাশাপাশি নাইজেরিয়া, মিশর, মালয়েশিয়া, সোমালিয়া ও তুরস্কসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরাও অংশ নেন। মোট ১২টি কমিটিতে তারা তাদের নিজস্ব এজেন্ডা নিয়ে বিতর্ক ও আলোচনা করেন। অংশগ্রহণকারীরা জাতিসংঘের কাঠামো অনুসরণ করে কূটনীতি, নীতি-নির্ধারণ এবং বৈশ্বিক সমস্যার সমাধান প্রক্রিয়া অনুশীলন করেন।
আয়োজকদের মতে, এই সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), সুশাসন, জবাবদিহিতা এবং স্বচ্ছতার মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছেন। পাশাপাশি এটি ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
২০১২ সালে প্রতিষ্ঠিত ডিআইইউমুনা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, কূটনৈতিক দক্ষতা ও বৈশ্বিক সচেতনতা তৈরিতে কাজ করে আসছে। আয়োজকদের দাবি, ড্যাফোডিল আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৫ শিক্ষার্থীদের জন্য কেবল একটি সম্মেলন নয়, বরং ভবিষ্যৎ কূটনীতিক ও বিশ্বনেতা গড়ে তোলার একটি অনন্য উদ্যোগ।