সিলেটের উন্নয়ন প্রকল্প অনুমোদন, অন্তর্বর্তী সরকারের প্রতি রাষ্ট্রদূত মুশফিকের কৃতজ্ঞতা

সিলেট অঞ্চল উন্নয়নের জন্য একনেক সভায় কয়েকটি প্রকল্প অনুমোদন দেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। 

রোববার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে নিজের ফেসবুক পেইজে কৃতজ্ঞতা জানিয়ে একটি স্ট্যাটাস দেন। 

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘সিলেট অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও সার্বিক সুবিধার্থে সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (ECNEC) বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের নাম উল্লেখ করে তিনি লিখেন, বিশেষভাবে ধন্যবাদ নানা সীমাবদ্ধতার মধ্যে আমার অনুরোধ ও সিলেটবাসীর ন্যায্য দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনায় নেয়ার জন্য। 

পরে তিনি উন্নয়ন প্রকল্পের নাম উল্লেখ করেন। প্রকল্পগুলো হলো- 

যানজট নিরসন ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) ঢাকা–সিলেট–তামাবিল মহাসড়কের সিলেট অংশে যানজট নিরসন, সড়ক উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির প্রকল্প
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক, ব্রিজ ও কালভার্ট উন্নয়ন প্রকল্প
সিলেট মহানগর এলাকায় পরিবহন অবকাঠামো উন্নয়ন প্রকল্প
সুনামগঞ্জ–সিলেট হাওর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প
সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ হাওর ও অববাহিকায় নদী সংরক্ষণ, ড্রেজিং ও জলাবদ্ধতা নিরসন প্রকল্প
এই প্রকল্পগুলো দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের মাধ্যমে সিলেট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, পানি ব্যবস্থাপনা, কৃষি ও সার্বিক জীবনমান উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে বলে আমি আশাবাদী।