মোরেলগঞ্জে আওয়ামী লীগ কর্মী খুনের ঘটনায় মামলা, আটক ২

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ছোট কুমারখালী গ্রামে আওয়ামী লীগ কর্মী সালাম সরদার খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের চাচাতে ভাই মোসলেম সরদার বাদী হয়ে শুক্রবার এ মামলা দায়ের করেন।পুলিশ এ হত্যা মামলার প্রধান আসামি মন্টু মোল্লাসহ ২ আসামিকে আটক করেছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মন্টু মোল্লার নেতৃত্বে ২০/২৫ জন গ্রামের ৬  বাড়িতে সিদ কেটে, ঘরের বেড়া ভেঙে সশস্ত্র হামলা চালায়। হামলায় আওয়ামী লীগ কর্মী সালাম সরদার(৪০) নিহত হন।  আহত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী শামীম সরদার(২৪), তার স্ত্রী জান্নাতি বেগম(১৯), পিতা ইসমাইল সরদার(৫০), রাকিব সরদার(১৪), মোজাম সরদার(৫০), লোকমান সরদার(৪০) ও মঞ্জু বেগম(৩০) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে আগুনে পুড়ল বস্তির অর্ধশতাধিক ঘর

জমি-জমা ও রাজনৈতিক শত্রুতার কারণে পরিকল্পিতভাবে এ হামলা ও হত্যাকাণ্ড ঘটানো হয় বলে দাবি করেছেন নিহত সালাম সরদারের স্ত্রী রেক্সনা বেগম।
তিনি বলেন, ২০০১ সালে জাতীয় নির্বাচন চলাকালে জামায়াত বিএনপির কর্মীদের হাতে আওয়ামী লীগ কর্মী এনায়েত সিকদার নিহত হন। ওই মামলার আসামিরা এ হামলা চালিয়েছে।

ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদ হোসেন স্বপন জানান, নিহত সালাম সরদার একজন আওয়ামী লীগের সক্রিয় কর্মী। এ পরিবারটি ২০০১ সালে চরমভাবে নির্যাতিত হয়েছিল।
    
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাদের জানান, মামলায় ইউসুফ মোল্লার পুত্র মন্টু মোল্লাসহ নামীয় ১৫ জন এবং আরো অজ্ঞাত ২০/২৫ জন আসামি রয়েছে।

থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম জানান, মামলার প্রধান আসামি মন্টু মোল্লা ও ফয়সাল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/এমআরএম