মদ উদ্ধার নিয়ে জাবি ছাত্রদলকে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশনে প্রতিবাদ-নিন্দা

মাদক উদ্ধারের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে মো. ফজলে আজওয়াদ নামে একজন শিক্ষার্থীকে আজ ২১ বোতল মদের বোতলসহ আটক করা হয়েছে। আমরা লক্ষ্য করছি, আটকের পর থেকেই কিছু সংবাদমাধ্যমে আজওয়াদকে ছাত্রদল কর্মী বলে অভিহিত করা হচ্ছে। এটি সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার। আটককৃত শিক্ষার্থী ছাত্রদলের কর্মী বা পদধারী নন।

আরও বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সুস্পষ্টভাবে বলতে চায়, সংশ্লিষ্ট শিক্ষার্থী কখনোই ছাত্রদলের কোনো পদ-পদবি ধারণ করেননি এবং তার ছাত্রদলের সাথে নূন্যতম কোনো সম্পর্ক নেই। বিগত জাকসু নির্বাচনে ছাত্রদল হল পর্যায়ে সবার জন্য উন্মুক্ত প্যানেল গঠন করেছিল, যেখানে অরাজনৈতিক কোনো শিক্ষার্থীও নির্বাচন করতে চাইলে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল স্বাগত জানিয়েছে ও প্যানেলে বিবেচনা করেছে। ছাত্রদলের এ ধরণের উদার মনোভাবের লক্ষ্য ছিল ছাত্ররাজনীতিকে আরও অন্তর্ভুক্তিমূলক ও বৃহত্তর পরিসরে প্রসারিত করা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা আশা করি, সংবাদমাধ্যমগুলো সংবাদ প্রচারের ক্ষেত্রে সতর্ক থাকবে এবং ভিত্তিহীন তথ্য প্রচার বন্ধ করবে, কারও ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় অকারণে ছাত্রদলের ওপর চাপিয়ে দেবেন না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাদক উদ্ধারের ঘটনায় রাষ্ট্রের ও বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।