ময়মনসিংহে ট্রেনের অগ্রিম টিকিট কেটে চড়া মূল্যে যাত্রীদের কাছে বিক্রি করার অভিযোগে রেলের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে ময়মনসিংহ রেলওয়ে জংশন এলাকা থেকে ঐ রেলকর্মীকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৬টি আসনের চারটি টিকিট জব্দ করা হয়। পরে বিশেষ ক্ষমতা আইনে রেলওয়ে থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়।
জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তির নাম মানিক মিয়া। তিনি মোহনগঞ্জ-ঢাকা রুটের হাওর এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ট হিসেবে কাজ করেন। তার বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার ছালিপুরা গ্রামে।
পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ রেলওয়ে জংশন এলাকায় অভিযান চালিয়ে মানিক মিয়াকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে মানিক মিয়া জানান, তিনি দীর্ঘদিন ধরে অনলাইনে অ্যাপের মাধ্যমে আগাম টিকিট কেটে রাখতেন। বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নিজের সংরক্ষণে রেখে সেই তথ্য ব্যবহার করে এসব টিকিট সংগ্রহ করা হতো। পরে টিকিটগুলো যাত্রীদের কাছে চড়া দামে বিক্রি করতেন।
রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) পলাশ ব্যানার্জি গণমাধ্যমকে জানান, এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে রেলওয়ে থানায় মামলা করেছেন। মামলাটি বিশেষ ক্ষমতা আইনে নথিভুক্ত করা হয়েছে।