মাদারীপুরের শিবচরে জমির নামজারি করতে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার অপরাধে ভূমি অফিসের এক কর্মীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রমমাণ আদালত।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে শিবচর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইয়েখা সুলতানা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।
শাস্তিপ্রাপ্ত ওই কর্মীর নাম নোয়াব আলী। তিনি ভূমি অফিসে পরিচ্ছন্নতাকর্মী (আউটসোর্সিং) হিসেবে কর্মরত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিবচর উপজেলা ভূমি অফিসে সেবা নিতে আসেন এক নারী। তার কাছ থেকে জমির নামজারির জন্য নোয়াব আলী ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে তাকে টাকা দেন ওই নারী। কিন্তু জমির নামজারি বিলম্ব হওয়ায় বিষয়টি উপজেলা ভূমি সহকারী কমিশনারকে অবহিত করেন। পরে নোয়ার আলীকে কার্যালয়ে হাজির করা হলে ঘটনার সত্যতা পাওয়া যায়। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাজা দেওয়া হয়। পুলিশের মাধ্যমে পাঠানো হয় শিবচর থানায়। বুধবার তাকে কারাগারে পাঠানো হবে বলে জানা গেছে।
শিবচর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইয়েখা সুলতানা বলেন, নোয়াব আলী যে কাজটি করেছে সেটি খুবই অন্যায়। ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে সব তথ্য যাচাই বাছাই শেষে অভিযুক্তকে সাজা দেওয়া হয়েছে।