বগুড়ায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, মোহাম্মাদ আলী হাসপাতাল, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ২৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সব মিলিয়ে ৭৪ জন ডেঙ্গু রোগী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজীম চৌধুরী জানান, বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭ জন, মোহাম্মাদ আলী হাসপাতালে ৫ জন, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, সামছুন্নাহার ক্লিনিকে দুইজন, ইনডিপেন্টডেন্ট হাসপাতালে একজনসহ মোট ৭৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত একদিনে নতুন রোগী ভর্তি এটাই সর্বোচ্চ।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আব্দুল ওয়াদুদ জানান, বগুড়াতেই ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫ জন। আক্রান্তদের ৫ জন ছাড়া অন্যরা সবাই ঢাকা থেকে জীবাণু বহন করে এনেছেন।
আরও পড়ুন: গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক
তিনি আরও জানান, বগুড়ায় আক্রান্তরা হলেন- শহরের মালতিনগর এলাকার বাসিন্দা শাহরিয়ার, সদর উপজেলার বেলাইল গ্রামের কণিকা সরকার, চান্দাই এলাকার হালিম মণ্ডল, ধুনট এলাকার শাহীন মণ্ডল। বগুড়ায় যারা আক্রান্ত হয়েছেন, তারা আক্রান্ত কোনো ব্যক্তির শরীর থেকে মশার মাধ্যমে ডেঙ্গু জীবাণু ছড়িয়ে আক্রান্ত হয়ে থাকতে পারেন। বগুড়া শহরে বা জেলার অন্য কোথাও এডিস মশার অস্তিত্ব পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হালিমুর রশীদের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল টিম চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। শজিমেক হাসপাতালে আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে। তবে রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
ইত্তেফাক/অনি