হবিগঞ্জ-১ আসন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ

হবিগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়ার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং আজমিরীগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক সায়দুর রহমান এ নোটিশ জারি করেন।

বুধবার (৭ জানুয়ারি) জারি করা এই নোটিশে আগামী ১৪ জানুয়ারির মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, গত ২ জানুয়ারি সন্ধ্যা ৬টায় নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজারে এবং ৩ জানুয়ারি বিকাল ৪টায় পাঞ্জারাই বাজারে কর্মী সমর্থকদের সঙ্গে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে ড. রেজা কিবরিয়া প্রচারণা চালান। সহকারী রিটার্নিং অফিসার ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এই বিষয়ে অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতেই শোকজ নোটিশ জারি করা হয়।

নোটিশে আরও বলা হয়, নবীগঞ্জ পৌর এলাকার ওসমানী রোডের বাসিন্দা জিতু মিয়া সেন্টু এবং মধ্য বাজার এলাকার বাসিন্দা মসফিকুজ্জামান চৌধুরী নোমান ওই প্রচারণার ছবিসহ লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগগুলো প্রাথমিকভাবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর লঙ্ঘন হিসেবে প্রতীয়মান হয়েছে। এ কারণে কেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ নির্বাচন কমিশনে পাঠানো হবে না—তা জানতে চেয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে নোটিশে।

শোকজ নোটিশ জারির বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।