মাগুরা সদর উপজেলায় গরু চুরির অভিযোগে পিটুনিতে আকিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) ভোরে উপজেলার ইছাখাদা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকিদুল ইসলাম সদর উপজেলার পাকা কাঞ্চনপুর গ্রামের শহর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে গরু চুরির অভিযোগ তুলে কয়েকজন ব্যক্তি আকিদুল ইসলামকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চুরি যাওয়া গরু উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।
তবে নিহতের পরিবারের সদস্যদের দাবি, আকিদুল ইসলাম কোনো গরু চোর নন। তিনি ঢাকায় বসবাস করতেন এবং ঘটনার রাতে ঢাকা থেকে বাসে করে ইছাখাদায় আসেন। তাদের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এদিকে আকিদুল ইসলামের বাড়িতে চলছে শোকের মাতম। মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসা স্বজনদের আহাজারীতে সেখানে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
মাগুরা সদর থানার ওসি আশিকুর রহমান জানান, নিহতের বিরুদ্ধে থানায় চুরির একটি মামলা রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।