৭ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশা কিছুটা কমে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। এর আগে বুধবার রাত সাড়ে ১টা থেকে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, বুধবার রাত থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্বও বৃদ্ধি পায়। একপর্যায়ে রাত ১টার দিকে কুয়াশার তীব্রতা এতটাই বেড়ে যায় যে নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এ অবস্থায় মাঝনদীতে দুর্ঘটনার আশঙ্কায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, বুধবার মধ্যরাত থেকে নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশা দেখা যায়। নিরাপত্তার কথা বিবেচনা করে রাত ১টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে কোনো ফেরি মাঝনদীতে আটকা পড়েনি। কুয়াশার ঘনত্ব কমে আসায় বৃহস্পতিবার সকাল ৭টা থেকে আবারও ফেরি পারাপার স্বাভাবিকভাবে চালু করা হয়েছে।