আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি ২৯৯ নম্বর আসনে মোট ছয়জন পুরুষ প্রার্থীর সঙ্গে মাত্র একজন নারী প্রার্থী নির্বাচনী যুদ্ধে নেমেছেন। তিনি বিপ্লবী ওয়াকার্স পার্টির নেত্রী জুঁই চাকমা।
পুরোদস্তর কৃষি পেশার সঙ্গে জড়িত ওয়াকার্স পার্টির এই নেত্রী। তার নামে ২০১৭ সালে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছিল। পরে মামলাটি খারিজ হয়ে যায়। তার ৩০ শতকের একটি অকৃষি জমি রয়েছে, যার অর্জনকালীন মূল্য ছিল ২০ লাখ টাকা।
গত ২১ ডিসেম্বর ২০২৫ রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।
৩৫ বছর বয়সী এই নারী বিপ্লবী ওয়াকার্স পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। হলফনামায় তিনি উল্লেখ করেছেন, উচ্চ মাধ্যমিক পাস। তার স্বামীর নামে তিন একর জায়গা রয়েছে, যা অর্জনের সময়ে আর্থিক মূল্য ৩ কোটি টাকা।
আয়ের উৎস:
হলফনামা অনুযায়ী জুঁই চাকমার আয়ের প্রধান উৎস কৃষি। কৃষি থেকে তিনি বছরে ৬০ হাজার টাকা আয় করেন। কৃষির পাশাপাশি ব্যবসা থেকে ৩০ হাজার টাকা এবং ফসলাদি বিক্রি করে ৩০ হাজার টাকা আয় করেন। এছাড়া স্থাবর সম্পত্তি থেকে বাড়ি ভাড়া থেকে তিনি ৩০ হাজার টাকা পান। সব মিলিয়ে তাঁর বাৎসরিক আয় ১ লাখ ৫০ হাজার টাকা।
অস্থাবর সম্পদ:
অস্থাবর সম্পদের মধ্যে জুঁই চাকমার নামে ৭০ হাজার টাকা নগদ আছে। ব্যাংকে জমা রয়েছে ১০ হাজার টাকা। তাঁর নামে ৫ ভরি সোনা রয়েছে, যার পৈত্রিক সূত্রে প্রাপ্ত মূল্য দেখানো হয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা। এছাড়া ১ লাখ ৩৩ হাজার ৮০০ টাকার ইলেকট্রিক সামগ্রী এবং ১ লাখ টাকার আসবাবপত্র রয়েছে। সব মিলিয়ে তাঁর অস্থাবর সম্পদের মোট মূল্য ৪ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা।
অস্থাবর সম্পদের মধ্যে তার স্বামীর নামে নগদ ২ লাখ ৪০ হাজার, আর্থিক প্রতিষ্ঠানে ৪ লাখ ১০ হাজার, ১ লাখ টাকার একটি মোটরসাইকেল, এবং ১ লাখ ২৬ হাজার টাকার ইলেকট্রিক সামগ্রী রয়েছে। সব মিলিয়ে স্বামীর অস্থাবর সম্পদের মোট মূল্য ৮ লাখ ৭৬ হাজার টাকা।
স্থাবর সম্পদ:
জুঁই চাকমার নামে স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ৩০ শতক অকৃষি জমি, যার অর্জনকারী মূল্য ২০ লাখ টাকা, এবং নিজ জমিতে নির্মিত একটি টিনসেট ঘর মূল্য ৬ লাখ টাকা। তার স্বামীর নামে রয়েছে ৩ একর জমি, যার অর্জনকারী মূল্য ৩ কোটি টাকা, এবং নিজ জমিতে নির্মিত আধাপাকা ৩টি ঘর যার মূল্য ৬০ লাখ টাকা।
মামলার বিবরণ:
২০১৭ সালে তার নামে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছিল, যা পরে খারিজ হয়ে যায়।
আয়কর:
হলফনামা অনুযায়ী জুঁই চাকমা উল্লেখ করেছেন, তিনি বছরে ১ লাখ ৫০ হাজার টাকা আয় করেন। দাখিল করা আয়কর রিটার্ন অনুযায়ী তিনি ৩৪ লাখ ৯৮ হাজার ৮০০ টাকার সম্পদের হিসাব দিয়েছেন।