মধ্যরাতে আওয়ামী লীগ নেতার বাসায় পুলিশ কর্মকর্তার উপস্থিতি ঘিরে ধূম্রজাল

লালমনিরহাটের হাতীবান্ধায় এক আওয়ামী লীগ নেতার বাসায় পুলিশ কর্মকর্তার উপস্থিতি ঘিরে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ওই বাসায় হাতীবান্ধা থানার ওসি মোহাম্মদ আমানুল্লাহ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি ওসি মোহাম্মদ আমানুল্লাহ।

অন্যদিকে আলোচনায় আসা আওয়ামী লীগ নেতার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে বৈঠক নয়। সেখানে দাওয়াতে গিয়েছিলেন ওই পুলিশ কর্মকর্তা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাতে ওই উপজেলার সির্ন্দুনা এলাকায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন তাজুর বাসায় যান মোহাম্মদ আমানুল্লাহ। সেই বাসায় গোপন বৈঠকের সন্দেহে জড়ো হতে শুরু করেন স্থানীয়রা। স্থানীয়দের জড়ো হওয়ার খবরে সেই বাসা থেকে ছটকে পড়েন বাসায় থাকা লোকজন।

আওয়ামী লীগ নেতার বাসায় গোপন বৈঠক সম্পর্কে জানতে চাইলে তা নিয়ে কথা বলতে রাজি হননি হাতীবান্ধা থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ।

তবে আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন তাজুর স্ত্রী শাপলা আক্তার বলেন, বৈঠক নয়। বাসায় একটি পারিবারিক অনুষ্ঠান ছিলো। সেই দাওয়াতে ওসি এসেছিলেন।

লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমান সেন জানান, ওই বাসায় দাওয়াত খেতে গিয়েছিলেন পুলিশের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। সেই কর্মকর্তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ।