সাভারের আশুলিয়ার বাংলাবাজার এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তারে অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে আশুলিয়া থানার এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহতসহ চার পুলিশ সদস্য আহত হন।
ঘটনার পর অভিযান চালিয়ে শিহাব হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সর্বশেষ শনিবার (১০ জানুয়ারি) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তার শিহাব হোসেন আশুলিয়ার গোমাইল এলাকার মঞ্জুর আহমেদের ছেলে। তিনি ছাত্র হত্যা মামলার পলাতক আসামি এবং স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারের শ্যালক বলে জানিয়েছে পুলিশ।
হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন—আশুলিয়া থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম, কনস্টেবল ফারুকসহ আরও দুই পুলিশ সদস্য। গুরুতর আহত এসআই মনিরুল ইসলামকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে একটি দল গোমাইল বাংলাবাজার এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামি ও হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।