কিশোরগঞ্জে বিকট শব্দে দেবে গেলো সেতু, যান চলাচল বন্ধ

কিশোরগঞ্জের হোসেনপুর থেকে পাগলা থানা, গফরগাঁও এবং ভালুকা যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদের শাখা নদীর ওপর অবস্থিত গুরুত্বপূর্ণ বেইলি সেতুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই রুটে যান চলাচল বর্তমানে বন্ধ হয়ে পড়েছে।

সর্বশেষ শনিবার (১০ জানুয়ারি) রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই সেতু দিয়ে যান চলাচল বন্ধ ছিল। কবে নাগাদ যান চলাচল শুরু হবে তা নিশ্চিতভাবে জানা যায়নি।

এর আগে শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে অতিরিক্ত পণ্যবোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় বিকট শব্দে ব্রিজের একপাশ দেবে যায় এবং পাটাতনগুলো একটি অন্যটি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগের (সওজ) পক্ষ থেকে জানানো হয়েছে, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে আপাতত সব ধরনের যানবাহন ও পথচারীদের এই ব্রিজ দিয়ে চলাচল না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগের প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সতর্কতাস্বরূপ ব্রিজের দুই প্রবেশপথে লাল ফিতা ও বাঁশ বেঁধে দেওয়া হয়েছে।

তবে শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেক পথচারীকে ঝুঁকি নিয়ে চলাচল করছে। চরাঞ্চলের মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের এটিই প্রধান মাধ্যম হওয়ায় ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা। স্থানীয়রা দ্রুত এটি সংস্কারের দাবিও জানিয়েছেন।

স্থানীয় স্কুল শিক্ষক আলা উদ্দিন জানান, ‘ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় চরের শ্রমজীবী মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। বিকল্প রাস্তা ব্যবহার করলে অনেক পথ ঘুরে হোসেনপুর বাজারে আসতে হয়, যা সময় ও ব্যয়সাপেক্ষ।’

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা জানান, দুর্ঘটনা এড়াতে আপাতত সব প্রকার যানবাহন ও পথচারীদের এই বেইলি ব্রিজ ব্যবহার না করার জন্য অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রকৌশলীদের বিষয়টি জানানো হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন যে, জনস্বার্থে ব্রিজটি দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।