যশোর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
রোববার (১১ জানুয়ারি) যশোর-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জ্যেষ্ঠ সিভিল জজ মো. মাসুদ রানার আদালত তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন অনিন্দ্যোর আইনজীবী দেবাশীষ দাস। তিনি বলেন, বেলা ১১টায় অনিন্দ্য ইসলাম যশোর-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জ্যেষ্ঠ সিভিল জর্জ মো. মাসুদ রানার আদালতে সশরীরে হাজির হন। পরে তিনি লিখিত ও মৌখিকভাবে জবাব দেন। এ সময় বিচারক তার বক্তব্য শুনে সন্তোষ প্রকাশ করে অভিযোগ থেকে অব্যাহতি দেন।
শুনানির সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুরসহ জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, বিচারক অনিন্দ্য ইসলাম অমিতের অমিতের মৌখিক ও লিখিত বক্তব্য শুনে সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি নির্বাচনি আচরণবিধি সম্পর্কে আরও যত্নবান থাকার আহ্বান জানিয়েছেন। এ ছাড়া তার বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করা হয়েছে।
নোটিশ পাওয়ার কথা জানিয়ে বৃহস্পতিবার অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গত ৪ ও ৫ জানুয়ারি উল্লিখিত দুটি কর্মসূচি আমার ব্যক্তিগত উদ্যোগে নয়। যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত হয় এবং তা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়।