চুয়াডাঙ্গা জেলায় হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে ছিন্নমূল ও অসহায় মানুষের দুর্ভোগ চরমে, তীব্র শীতে কাজের সন্ধানে বের হওয়া খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। জেলার উপর দিয়ে টানা ৮ দিন ধরে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে।
শহরের পাখিভ্যান চালক শহিদুল হক জানান, শীতে যাত্রী খুবই কম, বাতাসে ঠান্ডা বেড়ে যাওয়ায় ভ্যান চালানো কঠিন হয়ে পড়ছে। বড় বাজারের দিনমজুরেরা বলেন, কনকনে শীতে কাজ না থেমেও বাধ্য হয়ে কর্মস্থলে যেতে হচ্ছে, নাহলে বাড়ি ফিরতে হয় খালি হাতে।
বেসরকারি চাকরিজীবী আনিসুল হক জানান, অফিসে যাওয়ার সময় হিমেল হাওয়ায় পায়ে হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই। হোটেল কর্মচারী মামুন বলেন, সকালে নাস্তার চাপের কারণে কাজ করতে গিয়ে হাত অবশ হয়ে যায়, তবে থেমে থাকা সম্ভব নয়।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, জেলায় মৃদু শৈত্যপ্রবাহ আগামী ২০ জানুয়ারি পর্যন্ত চলতে পারে। তাপমাত্রা এই সময়ে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে, এরপর ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে।