-

একদিন পর ফের শৈত্যপ্রবাহ, শীতে কাঁপছে ফুলবাড়ী

কুড়িগ্রামের ফুলবাড়ীতে একদিন পর আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় হিমেল বাতাস ও কনকনে শীতে উপজেলাটির জনজীবন কাহিল হয়ে পড়েছে। স্থানীয়রা খড় কুঁঠো জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছেন। এতে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া দিনমজুররা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৬টায় জেলা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৯ শতাংশ। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।

ধরলার পাড় এলাকার হাসেম আলী বলেন, ‘হামরা নদী এলাকার মানুষ খুব ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে। ঘর থেকে বের হওয়া বড় কষ্টকর। বয়স্ক মানুষরা বিশেষভাবে ভোগান্তিতে রয়েছে।’

ফুলবাড়ী উপজেলার বালারহাট এলাকার ভ্যান চালক হাক্কু মিয়া বলেন, ‘ঠান্ডা ও শীতে বাইরে যাওয়া যায় না। এখন কামাই তেমন হয় না। বসে আছি, আল্লাহ যদি কামাই মেলায়। তাই ভ্যান নিয়ে ততটা বের হই।’

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ সকালে জেলা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৯ শতাংশ। ফলে ফুলবাড়ীসহ কুড়িগ্রাম জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।