ময়মনসিংহ নগরীর দিগারকান্দা এলাকায় এক আসামিকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পথে পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এ সময় হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়ে যায় তার স্বজন ও সহযোগীরা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাগর আলী নামে একজনকে আটক করেছে পুলিশ। আহত পাঁচ পুলিশ সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছিনিয়ে নেওয়া আসামি আরিফুল ইসলাম ওই এলাকার সাগর আলীর ছেলে। তিনি একটি মারামারির মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে আরিফুল ইসলাম ও তার সহযোগীরা স্থানীয় রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। আহত রাসেল বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
মঙ্গলবার বিকেল চারটার দিকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি পুলিশ দল দিগারকান্দা এলাকায় অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে নিয়ে আসার সময় আরিফুলের বাবা সাগর আলীর নেতৃত্বে কয়েকশ’ লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিয়ে যায় তারা।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বলেন, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা টহল দেয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরিফুলের বাবা সাগর আলীকে আটক করা হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামিসহ হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।