রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী অফিসের পাশের ভবনে গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে একটি গণমাধ্যমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) জানান, মঙ্গলবার রাতে চাঁদা না পেয়ে দুই রাউন্ড গুলির ঘটনা ঘটছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গুলির ঘটনাটি রাজনৈতিক নয় এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। তিনি দাবি করেন, এটি সম্পূর্ণভাবে চাঁদাবাজি সংক্রান্ত ঘটনা।
পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।
এ বিষয়ে এনসিপির নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম বলেন, বাড্ডায় ৩৮ নং ওয়ার্ড এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গতকাল গুলির ঘটনা ঘটেছে। এটি নির্বাচনি অফিস বা নাহিদ ইসলাম এর অফিস নয়। ঘটনার সাথে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে আমাদের মনে হচ্ছে।