ছাদ থেকে পাখির বিষ্ঠা পড়ে ভারতের ব্যাডমিন্টন তারকা এইচএস প্রণয় ও সিঙ্গাপুরের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন লো কিয়ান ইউয়ের মধ্যকার ম্যাচটি দুইবার থেমে যায়। প্রথম বিরতি ঘটে প্রথম গেমের শেষ দিকে এবং দ্বিতীয়টি তৃতীয় গেমের শুরুতে।
শুক্রবার (১৬ জানুয়ারি) দি ইন্ডিয়ান এক্সপ্রেসের এ প্রতিবেদনে বলা হয়, ম্যাচ চলাকালে চেয়ার আম্পায়ার হঠাৎ হাত তুলে টুর্নামেন্ট রেফারিকে ডাকেন এবং একজন কর্মকর্তা কোর্টে এসে জায়গাটি মুছেন। তখন বিরতির কারণ স্পষ্ট ছিল না। পরে মিক্সড জোনে প্রণয় জানান, ‘পাখির বিষ্ঠার কারণে খেলা কিছু সময়ের জন্য থেমে গিয়েছিল।’ এই ঘটনা ঘটে ভেন্যুর কোর্ট-১-এ, যা মূল টেলিভিশন কোর্ট। সম্প্রচারের সময় ধারাভাষ্যকাররাও বিরতির প্রকৃত কারণ নিশ্চিত ছিলেন না।
প্রথম গেমে প্রণয় যখন ১৬-১৪ ব্যবধানে এগিয়ে ছিলেন, তখন আম্পায়ার কোর্ট থেকে কিছু সরানোর জন্য টুর্নামেন্ট কর্মকর্তাকে ডাকেন। পরে একজন কর্মকর্তা টিস্যু ও ওয়াইপ দিয়ে জায়গাটি পরিষ্কার করেন। একই ঘটনা তৃতীয় গেমেও ঘটে, প্রণয় তখন ১-০ ব্যবধানে এগিয়ে ছিলেন। সাবেক বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে তীব্র লড়াই শেষে প্রণয় ম্যাচটি হারে ২১-১৮, ১৯-২১ ও ১৪-২১ সেটে।
এই ঘটনা চলতি ইন্ডিয়া ওপেনে কোর্টের বাইরের সমস্যার ধারাবাহিকতাকেই সামনে এনেছে। এর আগে মঙ্গলবার ডেনিশ শাটলার মিয়া ব্লিখফেল্ড ‘স্বাস্থ্যগত পরিস্থিতি’ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘ফ্লোরগুলো নোংরা, কোর্টে অনেক ময়লা, এরিনার ভেতরে পাখিও উড়ছে, পাখির বিষ্ঠাও রয়েছে।’ তার মন্তব্যের জবাবে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (বিএআই) জানায়, খেলার মূল ভেন্যু আইজি ইনডোর স্টেডিয়ামে কোনো সমস্যা নেই; তিনি মূলত প্রশিক্ষণ ভেন্যু কেডি যাদব ইনডোর হলের কথা বলেছেন।
বিএআইয়ের সাধারণ সম্পাদক সঞ্জয় মিশ্র বলেন, ‘ওয়ার্ম-আপ এলাকার বিষয়ে তিনি কেডি যাদব স্টেডিয়ামের কথা উল্লেখ করেছেন। এটি প্রশিক্ষণ ভেন্যু, মূল খেলার এরিনা নয়। খেলার মূল এরিনাটি পরিষ্কার, ময়লামুক্ত ও কবুতরমুক্ত রাখা হয়েছে এবং অনেক খেলোয়াড় ভেন্যুর পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।’
ডেনিশ পুরুষ এককের শাটলার আন্দার্স আন্টনসেনও জানুয়ারিতে দিল্লির ‘চরম দূষণ’-এর কথা উল্লেখ করে ইন্ডিয়া ওপেনের সমালোচনা করেন এবং সেটিকেই নিজের প্রত্যাহারের কারণ হিসেবে উল্লেখ করেন।
এর পাশাপাশি বুধবার খেলার এরিনার দর্শক সারিতে একটি বানরও দেখা যায়। ফটোগ্রাফার আজলিন্না দেবের ইনস্টাগ্রাম স্টোরিতে বানরটি স্ট্যান্ডে বসে থাকা দৃশ্য ধরা পড়ে। পরে ভেন্যুর নিরাপত্তা কর্মকর্তারা জানান, বানরটি প্রায় ১০ মিনিটের মধ্যে বের করা হয়। একই কমপ্লেক্সের প্রশিক্ষণ ভেন্যু কেডি যাদব ইনডোরে কোরিয়ান পুরুষ ডাবলস খেলোয়াড় কাং মিন হিউকও বানরের একটি ভিডিও পোস্ট করেন।
ব্লিখফেল্ড ও আন্টনসেনের সমালোচনার প্রেক্ষিতে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (বিডব্লিউএফ) জানায়, ‘টুর্নামেন্টের সব সুযোগ-সুবিধা এবং পরিচালন প্রক্রিয়া নিয়ে একটি পূর্ণাঙ্গ পর্যালোচনা বর্তমানে চলমান।’
বানর ঘটনার বিষয়ে বিএআই জানিয়েছে, ‘গত ২০ দিন ধরে আমরা ও ভেন্যুর কর্মীরা স্টেডিয়ামে নিরবচ্ছিন্নভাবে কাজ করছি। এটি প্রথমবারের মতো ঘটেছে। এটি দুর্ভাগ্যজনক এবং সম্ভবত অনিচ্ছাকৃতভাবে কোনো দরজা খোলা থাকায় এমনটি ঘটেছে।’