স্কুল ফুটবলে সিব্রিজ চ্যাম্পিয়ন, রানার আপ ম্যাপল লিফ

ঢাকা ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্টে রানার আপ হয়েছে ম্যাপল লিফ স্কুল। ২০ বছর পর প্রথমবারের মতো ট্রফি জয়ের স্বাদ পেয়েছে স্কুলটি। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে সিব্রিজ স্কুল। এআইউবি মাঠে অনুষ্ঠিত ফাইনালে সিব্রিজ স্কুলের কাছে ৩-০ গোলে হেরে যায় ম্যাপল লিফ।
 
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে না পারলেও খুশি ম্যাপল লিফ স্কুল। কেননা, মাত্র দুই সপ্তাহের প্রস্তুতি নিয়েই টুর্নামেন্টে অংশ নেয় তারা। এত অল্প সময়ের প্রস্তুতিতে রানার আপ হওয়ার আনন্দটাই ম্যাপল লিফ স্কুলের সবার কাছে অন্যরকম মাত্রা দিয়েছে।

ম্যাপল লিফের কোচ শাওন হাসান দলের গেমপ্ল্যান ও ঐক্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিদ্যালয়ের প্রিন্সিপাল আলী করিম রেজা এই অসাধারণ অর্জনের জন্য চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে অভিনন্দন জানান।

ম্যাপল লিফকে রানার আপ করতে বড় ভূমিকা পালন করেছে গোলরক্ষক লাবিব আহসান আদি। পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স করেছেন তিনি। সেমিফাইনালে মানারাতের বিপক্ষে টাইব্রেকিংয়ে লাবিব দুটি পেনাল্টি ঠেকিয়ে ম্যাপল লিফকে ফাইনাল তোলেন। দুর্ভাগ্যজনকভাবে ফাইনালে হেরে যায় ম্যাপল লিফ স্কুল। এতে রানার আপ হয়েই টুর্নামেন্ট শেষ করে তারা।