নতুন করে বিশ্বকে জয় করতে মেলবোর্ন পার্কে কার্লোস আলকারাজ। তার সামনের লক্ষ্য একটাই, অস্ট্রেলিয়ান ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম সম্পূর্ণ করা। কিন্তু এ বছরটি আগের সব মৌসুমের চেয়ে আলাদা। প্রথমবারের মতো পাশে নেই তার দীর্ঘদিনের পরামর্শদাতা, সাবেক ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হুয়ান কার্লোস ফেরেরো।
পেশাদার ক্যারিয়ারের প্রথম দিন থেকেই আলকারাজের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিলেন ২০০৩ সালের ফ্রেঞ্চ ওপেন জয়ী ফেরেরো। আলকারাজকে পরিপূর্ণ টেনিস যোদ্ধা হিসেবে গড়ে তুলেছিলেন তিনি। কিশোর বয়সে যে ছেলেটি কেবল প্রতিভার ঝলক দেখাচ্ছিল, তাকে তিনি রূপ দিয়েছিলেন দৃঢ় মানসিকতার চ্যাম্পিয়নে। গত মাসে হঠাৎ করেই সাত বছরের সম্পর্কের অবসান ঘটে। একসঙ্গে ২৪টি শিরোপা ও ছয়টি গ্র্যান্ড স্ল্যাম জেতা এই জুটি এখন দুই পথে হাঁটছে। তবু আলকারাসের কণ্ঠে কৃতজ্ঞতা আর আত্মবিশ্বাস।
বিশ্বের এক নম্বর টেনিস তারকা গতকাল সাংবাদিকদের বলেন, 'আমি হুয়ান কার্লোসের কাছে কৃতজ্ঞ। অস্ট্রেলিয়ান ওপেন জয় আমার কাছে এই বছরের মূল লক্ষ্য। এটা মৌসুমের প্রথম টুর্নামেন্ট আর আমার সবচেয়ে বড় স্বপ্ন।' ২২ বছর বয়সী স্প্যানিশ এই তারকা যদি মেলবোর্নে ট্রফি তুলতে পারেন, তবে ইতিহাসে সবচেয়ে কম বয়সে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয়ী হিসেবে কিংবদন্তি ডন বাজকে ছাড়িয়ে যাবেন তিনি। নতুন সূচনায় আলকারাজের পাশে আছেন কোচ স্যামুয়েল লোপেজ।
আলকারাজ বলেন, 'আমি এখন যে টিমের সঙ্গে কাজ করছি, তাদের ওপর আমার পূর্ণ আস্থা আছে।' অস্ট্রেলিয়ান ওপেনের আগে আলকারাজের প্রস্তুতি সীমিত ছিল একটি প্রদর্শনী ম্যাচে, যেখানে প্রতিপক্ষ ছিলেন বিশ্ব দুই নম্বর ইয়ানিক সিনার। কিন্তু তাতেই আত্মবিশ্বাস পেয়েছেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেন শুরু হচ্ছে আগামীকাল। বিশ্বের সেরা তারকাদের মাঝে এবার সবচেয়ে আলোচিত নাম সম্ভবত তিনিই। ফেরেরোকে পাশে না পেয়ে হয়তো কিছুটা শূন্যতা থাকবে, কিন্তু আত্মবিশ্বাসে একটুও ঘাটতি নেই এই তরুণ সম্রাটের।