নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খালে ভাসতে থাকা ড্রামের ভিতর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি ক্রিয়েটিভ স্কুল সংলগ্ন জালকুড়ি রোডের খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, স্থানীয়রা খালে একটি ড্রাম ভাসতে দেখে সন্দেহ হলে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে খুললে ভেতরে ৩০/৩৫ বছরের একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ পাওয়া যায়। মরদেহটি পচন ধরতে শুরু করেছিল। তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহ গোপন করার উদ্দেশ্যে ড্রামের ভেতরে ভরে খালে ফেলে দেওয়া হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।