নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য এবার ভ্রাম্যমাণ ‘অধ্যাদেশ মঞ্চ’ কর্মসূচির ঘোষণা শিক্ষার্থীদের

ঢাকার সাত কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে এবার ভ্রাম্যমাণ ‘অধ্যাদেশ মঞ্চ’ কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনকারী সংগঠন ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে ভ্রাম্যমাণ অধ্যাদেশ মঞ্চের উদ্বোধন করা হবে। পাশাপাশি সাতটি কলেজ ক্যাম্পাসে আরও পাঁচটি স্থায়ী অধ্যাদেশ মঞ্চ স্থাপন করা হবে।

সংগঠনটির দাবি, এসব মঞ্চ থেকে শিক্ষার্থীরা দেশবরেণ্য রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ ও সুধীজনদের সঙ্গে সংযোগ স্থাপন করবেন এবং সাধারণ মানুষের কাছে তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরবেন। ভ্রাম্যমাণ অধ্যাদেশ মঞ্চটি ১৯ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত পালাক্রমে সাতটি ক্যাম্পাসে অবস্থান করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২২ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ ও ক্যাম্পাসভিত্তিক অধ্যাদেশ মঞ্চগুলো নিয়ে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে গণজমায়েত করবেন। ওইদিন উপদেষ্টা পরিষদের সভায় যদি অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়ে বাংলাদেশ গেজেটে প্রকাশ করা হয়, তবে সেখান থেকেই বিজয় মিছিলের মাধ্যমে রাষ্ট্র ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানানো হবে।

তবে অধ্যাদেশ অনুমোদনে কোনো ব্যত্যয় ঘটলে ওই গণজমায়েত থেকেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অথবা সচিবালয়ের উদ্দেশে বৃহৎ পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

কর্মসূচির কারণে সাময়িক জনদুর্ভোগের জন্য রাজধানীবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় আশা করছে, দ্রুততম সময়ে এটি অনুমোদন পাবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়াটি উপস্থাপনের চেষ্টা চলছে।

প্রস্তাবিত খসড়া অনুযায়ী, সাত কলেজ তাদের নিজস্ব স্বাতন্ত্র্য বজায় রেখে ‘সংযুক্ত’ কাঠামোয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে পরিচালিত হবে, যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ব্যবস্থার সঙ্গে আংশিক সাদৃশ্যপূর্ণ।