বড় দুঃসংবাদ ভারতের ক্রিকেটারদের জন্য। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তির এ+ ক্যাটাগরি তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন নির্বাচক প্রধান অজিত আগরকার। এই প্রস্তাব মেনে নিলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বেন দেশটির চার তারকা ক্রিকেটার।
বর্তমানে বিসিসিআইয়ের এ+ ক্যাটাগরিতে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরাহ। এই ক্যাটাগরি তুলে নেওয়া হবে কিনা, বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের পরবর্তী বৈঠকে এই বিষয়ে আলোচনা হবে। আগরকারদের প্রস্তাব বোর্ড মেনে নিলে শুধু এ, বি ও সি ক্যাটাগরি থাকবে।
এ+ ক্যাটাগরিতে থাকা এই চার ক্রিকেটার বছরে ৭ কোটি রুপি করে পেতেন। তাদের এ ক্যাটেগরিতে নামিয়ে দিলে তারা পাবেন ৫ কোটি রুপি করে। অর্থাৎ, ২ কোটি রুপি করে কম পাবেন।
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, রোহিত ও কোহলিকে এ+ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হতে পারে। তেমনটা হলে বছরে ৪ কোটি টাকা কম পাবেন তারা।
এ+ ক্যাটেগরি বিলুপ্ত করার পেছনে নির্দিষ্ট কিছু যুক্তি দেখিয়েছে নির্বাচকরা। যারা তিন ফরম্যাটেই নিয়মিত খেলেন সাধারণত তাদেরই রাখা হয় এই ক্যাটাগরিতে। রোহিত ও কোহলি টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিয়েছেন। এখন তারা শুধু ওয়ানডে ক্রিকেট খেলেন। জাদেজা টেস্ট ও ওয়ানডে ক্রিকেট খেলেন। অর্থাৎ, তারা কেউ তিন ফরম্যাটের ক্রিকেটার নন। বুমরাহ তিন ফরম্যাটে খেললেও নিয়মিত খেলেন না। তাকে মাঝেমধ্যেই বিশ্রাম দেওয়া হয়। তাই এই ক্যাটেগরি না রাখার সুপারিশ করেছেন নির্বাচকরা।
এ+ ক্যাটেগরি বিলুপ্ত করার পাশাপাশি কেন্দ্রীয় চুক্তির সকল ক্যাটাগরিতেই বদল আনতে পারে বোর্ড। সি থেকে বি ক্যাটাগরিতে নেমে যেতে পারেন অর্শদীপ সিং ও হর্ষিত রানা। উন্নতি হতে পারে শ্রেয়াস আইয়ার ও অভিষেক শর্মার।