জয় পরাজয়ের মালিক আল্লাহ, আমরা আশাবাদী: মুজিবুর রহমান

নির্বাচনে জয়ের আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনে প্রার্থী মুজিবুর রহমান বলেছেন, ‘জয় পরাজয়ের মালিক আল্লাহ। আমরা আশাবাদী। যদিও এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড হয়নি। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনকে শক্ত ভূমিকা পালন করতে হবে।’

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে আনুষ্ঠানিক প্রচরণা শুরুর আগে এ আশাবাদ ব্যক্ত করেন মুজিবুর রহমান।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির বলেন, ‘নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ রয়েছে। কিন্তু আমরা কিছুটা শঙ্কার মধ্যে রয়েছি। কারণ নির্বাচনে একটা দলকে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে। তারা (খালেদা জিয়ার মৃত্যুতে) দোয়া মাহফিলের নামে প্রচারণা চালানোর সুযোগ পেয়েছে।’

ঢাকায় জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা, মসজিদে দোয়া মাহফিল করতে না দেয়া অন্যায় বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা।

এর আগে কোরআান তেলওয়াতের মধ্য দিয়ে গোদাগাড়ীর ডাইংপাড়া এলাকা থেকে শুরু হয় তার প্রচারণা। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী তার সঙ্গে ছিলেন। 

এ দিন গোদাগাড়ী পৌর এলাকায় প্রচারণা করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় ও লিফলেট বিতরণ করেন জামায়ত নেতা মুজিবুর রহমান। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি দোয়া কামনা করেন তিনি।