ভারতের বিমানবন্দরে কোরীয় নারীকে যৌন নিপীড়ন, গ্রেপ্তার গ্রাউন্ড স্টাফ

ভারতের বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে এক কোরীয় নারী পর্যটককে যৌন নিপীড়নের অভিযোগে এক গ্রাউন্ড স্টাফকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ভুক্তভোগী কিম সাং কিয়ং দেশটির সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভয়াবহ সেই অভিজ্ঞতার বর্ণনা দেন। পরে তিনি নিজের পরিচয় প্রকাশেও সম্মতি দিয়েছেন।

কিম সাং কিয়ং জানান, ইমিগ্রেশন শেষ করে কোরিয়া যাওয়ার ফ্লাইট ধরতে টার্মিনালের দিকে যাওয়ার সময় অভিযুক্ত কর্মী মোহাম্মদ আফফান তার কাছে আসেন। তিনি জানান, তার লাগেজে ‘বিপ বিপ’ শব্দ হচ্ছে এবং ব্যক্তিগতভাবে তল্লাশি প্রয়োজন। বিষয়টি নিরাপত্তাজনিত মনে হওয়ায় তিনি তল্লাশিতে সম্মতি দেন।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত তাকে বিমানবন্দরের পুরুষদের ওয়াশরুমের কাছে নিয়ে গিয়ে অশালীন আচরণ করেন। তিনি যেভাবে কথা বলছিলেন এবং সবকিছু ব্যাখ্যা করছিলেন, তাতে খুবই পেশাদার ও গুরুতর মনে হচ্ছিল। তাই আমি তাকে বিশ্বাস করি।

তিনি জানান, অভিযুক্ত তার শরীর অশালীনভাবে স্পর্শ করেন। এছাড়া তল্লাশির সময় অভিযুক্ত নিরাপত্তা প্রটোকল নিয়ে কথা বলে তাকে স্বাভাবিকভাবেই ব্যস্ত রাখেন।

ওই নারী আরও জানান, ঘটনার শেষে হঠাৎ করেই অভিযুক্ত তাকে জড়িয়ে ধরে ‘থ্যাংক ইউ’ বলেন। তখনই তার সন্দেহ হয় এবং তিনি আতঙ্কিত হয়ে পড়েন। আমি ভয় পেয়ে যাই এবং যত দ্রুত সম্ভব তার কাছ থেকে নিরাপদে সরে যেতে চাই।

বোর্ডিংয়ের সময় হয়ে যাওয়ায় তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের এক কর্মীর কাছে বিষয়টি জানান। ওই কর্মী জানান, এ ধরনের ব্যক্তিগত তল্লাশি স্বাভাবিক নয় এবং অভিযোগ দায়ের করতে সহায়তা করেন। পরে বিমানবন্দর নিরাপত্তা কর্মীরা অভিযুক্ত আফফানকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তের অপরাধের প্রমাণ পাওয়া গেছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে আফফানকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রথমবার ভারতে আসা কিম সাং কিয়ং বলেন, অভিযুক্তের গলায় এয়ারলাইনের পরিচয়পত্র ছিল এবং তাকে কর্তৃত্বপূর্ণ একজন কর্মী বলেই মনে হয়েছিল। ইমিগ্রেশন শেষ হওয়ায় তিনি ধারণা করেছিলেন, এটি কোনো প্রতারণা হতে পারে না এবং সবকিছুই জাতীয় নিরাপত্তার অংশ।

অভিযুক্ত মোহাম্মদ আফফান এয়ার ইন্ডিয়া স্যাটস (Air India SATS)-এ কর্মরত ছিলেন, যারা বিমানবন্দরে গ্রাউন্ড ও কার্গো সেবা দিয়ে থাকে।

ঘটনাটিকে ‘অমার্জনীয়’ উল্লেখ করে এয়ার ইন্ডিয়া স্যাটস জানিয়েছে, অভিযুক্তকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে তদন্ত চলছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।