স্বাধীন কমিটির হস্তক্ষেপ কামনা

ভারতে গিয়ে বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ, অবস্থানে অনড় সরকার ও বিসিবি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে। এই সিদ্ধান্তের পর সরকারের সঙ্গে আলোচনার জন্য আইসিসির কাছে ২৪ ঘণ্টা সময় চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ওই সময়ের মধ্যেও বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ভেন্যু পরিবর্তন না হলে নিরাপত্তাজনিত কারণে এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে না—এই সিদ্ধান্তই এখন চূড়ান্ত।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে এক বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ‘আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো রকম সুযোগ নেই।’ অর্থাৎ আইসিসি ভেন্যু না বদলানোর সিদ্ধান্ত জানালেও বাংলাদেশ ভারতে গিয়ে ম্যাচ খেলবে না—এই অবস্থানেই রয়েছে।

এর পাশাপাশি নিজেদের অবস্থান আনুষ্ঠানিকভাবে জানিয়ে আবারও আইসিসিকে ই-মেইল পাঠিয়েছে বিসিবি। ওই ই-মেইলে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবিটি আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। আইসিসির কোনো সিদ্ধান্ত নিয়ে বিরোধ তৈরি হলে স্বাধীন আইনজীবীদের সমন্বয়ে গঠিত এই কমিটি বিষয়টি নিষ্পত্তি করে।

বিসিবির প্রত্যাশা, আইসিসি তাদের অনুরোধে সাড়া দিয়ে ভেন্যু পরিবর্তনের বিষয়টি ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠাবে। তবে পরশু ভেন্যু–সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণার পর আইসিসি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আর কোনো বক্তব্য দেয়নি। একই সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইও শুরু থেকেই বিষয়টি নিয়ে নীরব রয়েছে।

ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য অনুযায়ী, আইসিসি শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তনের দাবি না মানলে ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা হচ্ছে না। টুর্নামেন্টের প্রথম পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই নির্ধারিত ছিল ভারতের দুই শহর—কলকাতা ও মুম্বাইয়ে।

কোন পরিস্থিতিতে ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়টি ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে ব্যাখ্যা করেছেন ক্রীড়া উপদেষ্টা। ক্রিকেটাররাও বিষয়টি বুঝতে পেরেছেন বলে তিনি জানান। আলোচনার বিস্তারিত সংবাদমাধ্যমে না জানালেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের সিদ্ধান্তের সঙ্গে ক্রিকেটাররা দ্বিমত পোষণ করেননি। বৈঠকে মতামত জানতে চাইলে তাঁরা বলেছেন, খেলোয়াড় হিসেবে মাঠে খেলাই তাঁদের দায়িত্ব। তবে তাঁদের অভিভাবক সরকার ও বিসিবি। তারা যে সিদ্ধান্ত নেবে, সেটাকেই সমর্থন করবেন ক্রিকেটাররা।

উল্লেখ্য, কিছু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে গত ৩ জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায় বিসিসিআই। ওই ঘটনার পরই নিরাপত্তা-সংকটের কথা উল্লেখ করে বাংলাদেশ দল ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বলে জানায় বিসিবি। আসিফ নজরুলের মতে, ভারতের নিরাপত্তা পরিস্থিতিতে এখনো কোনো পরিবর্তন আসেনি।

এদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম গতকাল বলেন, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে প্রস্তুত আছে। তবে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের পক্ষে তারা অবস্থান নিয়েছে। ভেন্যু পরিবর্তনের দাবিতে লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে বিষয়টি পাঠানোর অনুরোধ সেই প্রচেষ্টারই অংশ।

নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক কর্মকর্তা বলেন, বাংলাদেশের দাবি জানিয়ে যাওয়ার প্রক্রিয়া অব্যাহত থাকবে।