রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকালে তাপমাত্রা আগের দিনের তুলনায় কমেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বৃহস্পতিবার সকালে ঢাকার তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা আজ সকালে নেমে এসেছে ১৫ দশমিক ২ ডিগ্রিতে।
আজ সকাল ৭টায় প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলায় ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা সামান্য কমতে পারে। দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।
এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ৪২ মিনিটে।