জামায়াত মানুষকে কেনার রাজনীতি করে না, সম্মান দেখায়: আমির

ভোটারদের আইডি বা বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে পঞ্চগড়ের উদ্দেশে রওনা হওয়ার আগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী মানুষকে কেনার রাজনীতি করে না; বরং মানুষের জীবনের প্রতি সম্মান দেখায়। তার ভাষ্য অনুযায়ী, যারা ১০ টাকা কেজি চালের কার্ড বা ফ্ল্যাট দেওয়ার মতো লোভ দেখাচ্ছে, তারাই নিজেদের দায় অন্যদের ওপর চাপানোর চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচারে প্রযুক্তির অপব্যবহার হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং পরস্পরের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান না নিয়ে নিজ নিজ কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়া উচিত। জনগণ যাদের ভোট ও সমর্থন দেবে, তাদের প্রতি শ্রদ্ধা জানানো সবার দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনের ফল প্রভাবিত করার যেকোনো অসৎ চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান জামায়াত আমির। তার মতে, রাষ্ট্রের কোনো পর্যায়ের কারও এমন কর্মকাণ্ডে যুক্ত হওয়া উচিত নয়।

পোস্টাল ব্যালট প্রসঙ্গে তিনি বলেন, প্রক্রিয়া শুরু হলেও এখনো অনেক জায়গায় ব্যালট পৌঁছায়নি। সময় কম থাকায় নির্বাচন কমিশনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন বলে তিনি মনে করেন, যাতে নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট ফেরত আসতে পারে।

প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, ভোটাধিকার সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠার একটি সুযোগ এসেছে। যে দল বা প্রার্থীকে পছন্দ, নিঃসংকোচে তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোট শুধু অধিকার নয়, এটি একটি দায়িত্বও। একটি ভোটই কোনো আসনে ব্যবধান গড়ে দিতে পারে।

নির্বাচনী সফর সম্পর্কে তিনি বলেন, ঢাকার বাইরে সফরের মধ্য দিয়ে দলীয় কার্যক্রম জোরদার হচ্ছে। প্রতিটি এলাকার মানুষের মতামত ও বাস্তবতা বোঝার চেষ্টা করা হবে। মিথ্যা প্রতিশ্রুতি নয়, বাস্তবতার ভিত্তিতে এবং জনগণের সম্পদ ব্যবহার করে ইনসাফভিত্তিক উন্নয়নের মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার কথাও তিনি জানান।