রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের ফল প্রকাশ হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে এই ফলাফল প্রকাশ করা হয়।
রাবি জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সি ইউনিটে গ্রুপ-১ (বিজ্ঞান)-এর ৬০ হাজার ৪২১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ হাজার ৩২ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬ হাজার ৫৯০ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ১২ দশমিক ৪৩ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯২ দশমিক ৫০।
এই ইউনিটের গ্রুপ-২ (বিজ্ঞান)-এর ৬০ হাজার ৪১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ হাজার ৩৭২ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬ হাজার ১১৪ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ১১ দশমিক ৪৬ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৮ দশমিক ৫০।
ইউনিটের গ্রুপ-৩ (অ-বিজ্ঞান)-এর ৫ হাজার ৩৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৫৮ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩ হাজার ৩৭০ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ৬৬ দশমিক ৬৩ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৯ দশমিক ৫০।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজ্ঞান, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, কৃষি, ফিশারীজ ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদভুক্ত ২৬টি বিভাগ সি ইউনিটের অন্তর্ভুক্ত। ভর্তি সংক্রান্ত রাবি ওয়েবসাইট—এ লগইন করে ভর্তিচ্ছুরা নিজ নিজ ফলাফল দেখতে পারবে। এ জন্য এসএসসি ও এইচসএসসি উভয় পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম ও পাসের বছর প্রয়োজন হবে।