দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

হার দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভেসে যায় বৃষ্টিতে। তাই সুপার সিক্সে জায়গা পেতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না যুবা টাইগারদের সামনে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে আজিজুল হাকিম তামিমের দল। 

শুক্রবার (২৩ জানুয়ারি) হারারেতে টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ১৯৯ রান অলআউট হয় যুক্তরাষ্ট্র। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংসটি খেলেন আদনিত জাম্ব। 

এছাড়া অধিনায়ক উৎকর্ষ শ্রীভাস্ত ৩৯ ও সাহিল গার্গ করেন ৩৫ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন ইকবাল হোসেন ইমন। আর দুটি করে উইকেট নিয়েছেন তিনজন বোলার।

২০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। দুই ওপেনার মিলে গড়েন ৭৮ রানের জুটি। ৪২ বলে ৪৭ রান করে আউট হন জাওয়াদ আবরার। আর রিফাত বেগের ব্যাট থেকে আসে ৫৫ বলে ৩০ রান।

এদিকে ফিফটি তুলে নেন দলনেতা আজিজুল হাকিম তামিম। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। আউট হওয়ার আগে করেন ৮২ বলে ৮৪ রান। এরপর রিজান হাসানকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন কালাম সিদ্দিকী। ৩০ রানে কালাম ও ২০ রানে রিজান অপরাজিত থাকেন।

এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠেছে বাংলাদেশ। ৩ ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ পয়েন্ট। অন্যদিকে ২ ম্যাচে সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত। আর তিনে নিউজিল্যান্ড ও চারে অবস্থান করছে যুক্তরাষ্ট্র।