জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো বিভক্তি নয়, সাম্য ও ঐক্যের বার্তা নিয়ে আপনাদের দুয়ারে এসেছি অন্তত পাঁচটি বছর আমাদেরকে পরীক্ষা করে দেখুন।
শুক্রবার (২৩ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রংপুরে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
বিগত ১৭ বছরে জামায়াতের নেতাকর্মীদের বাংলাদেশের নাগরিক হিসেবেই গণ্য করা হয়নি এমন অভিযোগ তুলে তিনি বলেন, আমাদের আশা ছিল অভ্যুত্থানের পর অনেক কিছুর বদল হবে। কিন্তু ফ্যাসিবাদের নানা উপাদান এখনো রয়ে গেছে। বিগত সরকারের আমলে সবচেয়ে মজলুম হলেও গত দেড় বছরে কাউকে মজলুম বানায়নি জামায়াত।
এ সময় জুলুমকারীদের জনগণ লাল কার্ড দেখাবে উল্লেখ করে তিনি বলেন, যারা এক সময় মজলুম থাকলেও অভ্যুত্থানের পর জুলুমকারী হয়েছেন, তাদের জন্য জনগণ লাল কার্ড নিয়ে অপেক্ষা করছে।
এছাড়াআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে উত্তরবঙ্গে প্রথম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন জামায়াত আমির।
তিনি বলেন, নদী জীবন ফিরে পেলে উত্তরবঙ্গ জীবন ফিরে পাবে। তাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করলে কারো ভালো লাগে এবং কারো লাগবে না, এতে আমাদের কিছু যায় আসে না। আপনারা আমাদের দায়িত্ব দিলে, উত্তরবঙ্গে প্রথম তিস্তাতেই কোদাল বসাব।