একটি দল ভারতের সঙ্গে আপস করে বাংলাদেশকে বিক্রি করে দিতে চায়: তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘একটি দল নতুন করে ভারতের সঙ্গে আপস করে আবার দেশ শাসনের জন্য বাংলাদেশকে বিক্রি করে দিতে চায়। এ দেশের মানুষ, ৪ কোটি যুবক এটা হতে দিবে না।’ শুক্রবার বিকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা স্কুল মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. তাহের আরো বলেন, ‘আগামী নির্বাচন নির্ধারণ করবে জুলাই বিপ্লবের যে চেতনা, মাথা উঁচু করে দাঁড়ানোর যে চেতনা, স্বাধীন বাংলাদেশের যে চেতনা—সেইটি টিকে থাকবে, নাকি আবার আমরা পেছনে অন্ধকারের স্বৈরাচারের ফ্যাসিবাদের দিকে চলে যাব—এই নির্ধারণী নির্বাচন হচ্ছে আগামী ফেব্রুয়ারির নির্বাচন।’ তিনি বলেন, ‘আমরা একটি বৃহত্তর ১১ দলীয় জোটের মাধ্যমে  নির্বাচন করছি। এই ১১ দলে সমস্ত ইসলামী দলগুলো আছে। আর জুলাই বিপ্লবের অগ্রসেনানী যারা ছিল সেই যুবকেরাও এই জোটের সঙ্গে আছে। ইনশাআল্লাহ, ১২ ফেব্রুয়ারি জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করব। আমাদের সরকার হবে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। কোনো দুর্নীতিবাজ এই দেশে শাসন ক্ষমতায় থাকবে না। এ দেশের মানুষ চাঁদাবাজদেরকে আর ভোট দিবে না। দখলদারদেরকে আর ভোট দিবে না।’ তিনি বলেন, ‘আমরা এমন একটি দেশ গড়ব যেই দেশে চাঁদাবাজ থাকবে না, মানুষের অধিকার থাকবে। উচ্চশিক্ষা থাকবে, সম্মান-শ্রদ্ধা থাকবে এবং বাংলাদেশ স্বাধীনভাবে মাথা উঁচু করে থাকবে।’ তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড ভুয়া। চিফ ইলেকশন কমিশনার বলেছেন, এটা বেআইনি। যারা কার্ড নিয়ে যাবে তাদের আটকাবেন। এগুলা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন।’

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার দেবীদ্বার আসনে জামায়াত জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকবে, তেমনি দ্বিমত প্রকাশের স্বাধীনতাও থাকবে। আগামীতে আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। যারা ভোটকেন্দ্র দখল করতে আসবেন বলে চিন্তা করছেন তারা বাসা-বাড়ি থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হইয়েন।’ জনসভায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘ভোট প্রদানে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাদেরকে আমরা ছেড়ে দিব না। তারা সাবধান হয়ে যান।’

সমাবেশে আরো বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, খেলাফত মজলিশের উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি মহিউদ্দিন ভুঁইয়া নইম ও সঞ্চালনা করেন মোহাম্মদ ইউসুফ।