১০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচে আলকারাজের জয়

১০০তম গ্র্যান্ড স্ল্যাম লড়াইয়ে দুর্দান্ত ছিলেন কার্লোস আলকারাজ। এই স্প্যানিশ তারকা রড লেভার অ্যারেনায় আবারও প্রমাণ করেছেন তিনি কেন সেরাদের সেরা। তিন সেটের খেলায় ৬-২, ৬-৪, ৬-১ গেমে ফরাসি কোরেন্টিন মাউতেটকে হারিয়ে জয় করেছেন নিজের শততম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ। পুরো খেলা জুড়ে ড্রপ-শট, টুইনার ও নিখুঁত পাসিং শটে দর্শকদের মুগ্ধ করে রাখেন স্প্যানিশ তারকা। মেলবোর্ন পার্কে প্রথম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপার খোঁজে নামা ২২ বছর বয়সী আলকারাজ চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের জন্য সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার পথে রয়েছেন এবং টুর্নামেন্টের প্রথম সপ্তাহে তাকে প্রায় অপ্রতিরোধ্যই মনে হয়েছে। 

কোরেন্টিন মাউতেটের বিপক্ষে এমন জয়ের পর আলকারাজ বলেন, 'আমার মনে হয় গ্র্যান্ড স্ল্যামে মনোযোগ ধরে রাখা সব সময়ই কঠিন। কিন্তু আমার মনে হয় যখন আপনি এই ধরনের খেলোয়াড়দের মুখোমুখি হন, তখন আরও কঠিন। কিন্তু, আপনি জানেন, আমি কেবল খুশি, কারণ আমি সব সময়ই ভালো মনোযোগ পেয়েছি। যখন জিনিসগুলো আমার পক্ষে যায়নি, কেবল সেখানেই থেকে যায় এবং তারপর আমার ভালো মুহূর্তটি আবার ওজন করার চেষ্টা করে, আমার ভালো ছন্দ, যা আমি দ্বিতীয় সেটে পেয়েছিলাম।' 

চতুর্থ রাউন্ডে স্প্যানিশ কিংবদন্তির প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের তারকা টমি পল। অন্যদিকে নারী বিভাগে দুইবারের চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা আনাস্তাসিয়া পোটাপোভার বিপক্ষে কঠিন পরীক্ষায় পড়েন। তবে টাইব্রেক নির্ভর ম্যাচে নিজের অভিজ্ঞতার প্রমাণ দেন তিনি। দুই সেটের খেলায় ৭-৬ (৪), ৭-৬ (৭) ব্যবধানে জয় নিয়ে কোর্ট ছাড়েন বেলারুশ কন্যা। যদিও দ্বিতীয় সেটে পোটাপোভা চারটি সেট পয়েন্ট পেলেও কাজে লাগাতে ব্যর্থ হন। এ জয়ে সাবালেঙ্কার টাইব্রেক অপরাজিত রেকর্ড দাঁড়াল ২১ ম্যাচে। ম্যাচ শেষে তিনি বলেন, 'টাইব্রেকে এক মুহূর্তের জন্যও মনোযোগ হারানো যায় না।' 

রাউন্ড ষোলোতে ভিক্টোরিয়া এমবোকোর প্রতিপক্ষ চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা। পুরুষদের ড্রয়ে নাটকীয় জয় পান ড্যানিল মেদভেদেভ। মার্গারেট কোর্ট এরিনায় দুই সেট পিছিয়ে পড়েও তিনি হাঙ্গেরির ফ্যাবিয়ান মারোজসানকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পান। এদিকে কাজাখস্তানের ইউলিয়া পুতিন্তসেভা তিন সেটের লড়াইয়ে তুর্কি খেলোয়াড় জেইনেপ সোনমেজকে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করেন।