বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যুক্ত হলো নতুন একটি প্ল্যাটফর্ম ‘ইনসাফ মঞ্চ’। দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে জনগণের অধিকার পুনরুদ্ধার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইনসাফ মঞ্চ’ আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেছে।
সোমবার (২৬ জানুয়ারি) দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে জনগণের অধিকার পুনরুদ্ধার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে এই প্ল্যাটফর্মটি।
এদিন জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ইনসাফ মঞ্চ গঠনের ঘোষণা দেওয়া হয়। ইনসাফ মঞ্চের আহ্বায়ক ও জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল প্ল্যাটফর্মটি ঘোষণা করেন।
ঘোষণাপত্রে বলা হয়, বাংলাদেশ এক গভীর ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে সার্বভৌমত্ব, অর্থনীতি, কর্মসংস্থান এবং জনগণের মৌলিক অধিকার নানাভাবে প্রশ্নের মুখে। এ বাস্তবতায় জনগণের হারানো অধিকার পুনরুদ্ধার এবং জাতীয় মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যেই ইনসাফ মঞ্চ গঠিত হয়েছে।
ইনসাফ মঞ্চের মূল লক্ষ্য- ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা, মৌলিক মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিতকরণ, ব্যক্তিগত নিরাপত্তা, সম্মানজনক কর্মসংস্থান এবং ন্যায়ভিত্তিক রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য গড়ে তোলা।
এতে আরও বলা হয়, ইনসাফ মঞ্চ কোনো বিদ্যমান রাজনৈতিক জোটের বিকল্প নয়। বরং বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের ন্যায্য প্রতিনিধিত্ব, নৈতিক রাজনীতি এবং ভোটাধিকার সুরক্ষার লক্ষ্যে এটি একটি স্বাধীন, দায়িত্বশীল ও নির্বাচনকালীন ঐক্য হিসেবে কাজ করবে।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোট সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী, নিবন্ধিত রাজনৈতিক দল এবং বিভিন্ন গণতান্ত্রিক শক্তির সমন্বয়ে এই মঞ্চ গঠিত হয়েছে বলেও উল্লেখ করা হয় ঘোষণাপত্রে।
নেতৃত্বের বিষয়ে জানানো হয়, ইনসাফ মঞ্চ একটি সুশৃঙ্খল, স্বচ্ছ ও গণতান্ত্রিক কাঠামোর মাধ্যমে পরিচালিত হবে। জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল মঞ্চটির সার্বিক রাজনৈতিক দিকনির্দেশনা ও নৈতিক নেতৃত্ব দেবেন।
ঘোষণাপত্রে আরও বলা হয়, বিভাজনের রাজনীতি নয়, ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করে ইনসাফ মঞ্চ। ব্যক্তিপূজার পরিবর্তে আইনের শাসন ও নৈতিক নেতৃত্বকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি শুধু ভোটাধিকার নয়, মানুষের সার্বিক অধিকারের ইনসাফ নিশ্চিত করাই মঞ্চের লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন- সম্মিলিত গণতান্ত্রিক জোটের চেয়ারম্যান গাজী মুস্তাফিজ, গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার, শিক্ষাবিদ মোমেনা খাতুন, জনতা মঞ্চের সাধারণ সম্পাদক আজম খান, গণ আজাদী লীগ চেয়ারম্যান আতাউল্লাহ খান প্রমুখ।